রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্যারেড ময়দানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ অংশ নেন হাজারো মানুষ।

৮ নভেম্বর, রোববার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গান, স্লোগান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে হাদি হত্যার বিচার দাবি করা হয়। পাশাপাশি ভারতীয় সাংস্কৃতিক প্রভাব ও আগ্রাসনের বিরুদ্ধেও বক্তব্য তুলে ধরেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

বিকেল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে মানুষ প্যারেড ময়দানে আসতে শুরু করেন। বিকেল ৫টার মধ্যে দর্শনার্থীদের উপস্থিতিতে মাঠ প্রায় পূর্ণ হয়ে যায়। সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল আয়োজন। এতে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্যসচিব তাসনিম ঝুমা, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজনের বড় অংশজুড়েই ছিল শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ এবং তাঁর হত্যার বিচারের দাবি। তাঁকে নিয়ে লেখা গান পরিবেশনের সময় অনেক দর্শনার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। মঞ্চে উপস্থিত আব্দুল্লাহ আল জাবের, তাসনিম ঝুমা, সালাউদ্দিন আম্মার, আহমাদ আতাউল্লাহ সালমান ও অভিনেতা আসাদুজ্জামান আসাদকেও অশ্রুসিক্ত হতে দেখা যায়।

অনুষ্ঠানে চট্টগ্রামের পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী, সালাউদ্দিন আম্মার ও আহমাদ আতাউল্লাহ সালমান ইসলামী সংগীত, জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক গান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন।

আয়োজকেরা জানান, ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি এবং এ বিষয়ে জনমত গড়ে তোলার লক্ষ্যেই ‘মেহফিল-এ-ইনকিলাব’ আয়োজন করা হয়েছে। বিশেষ করে তরুণীদের মধ্যে এ বিষয়ে যে প্রতিবাদী বক্তব্য তৈরি হয়েছে, তা একটি সম্মিলিত প্ল্যাটফর্মে তুলে ধরতে চায় ইনকিলাব মঞ্চ।

একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিকে আরও জোরালো করে সরকারের দৃষ্টি আকর্ষণ করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা।

ক্লিক/এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত