মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

নির্বাসন থেকে ফেরার দিনক্ষণ ঠিক, এবার বিমান চেয়ে শেখ হাসিনার বার্তা!

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

২৪ নভেম্বর, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর এ পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবারও সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে রোববার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারবিরোধী গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ক্লিক/এসএস

[ad_nfYePqtZ]

সম্পর্কিত