সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

মূলধন সংকটে চট্টগ্রামের ৮৫ শতাংশ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
[news_photocard_button text="Your custom text"]

চট্টগ্রাম জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২৩৮টি। এসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ২০ লাখ ৫৯ হাজার ৩৫১ জন।

১৭ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চট্টগ্রাম জেলার প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম এবং বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ছরওয়ার কামাল টারজান।

শুমারির প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৩ লাখ ৪৮ হাজার ৪৩টি স্থায়ী, ৩৬ হাজার ৪০৪টি অস্থায়ী এবং ১ লাখ ৪৭ হাজার ৭৯১টি অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত খানাভিত্তিক ইউনিট। এসব প্রতিষ্ঠানে কর্মরত জনবলের ৭৯ শতাংশ পুরুষ এবং ২১ শতাংশ নারী।

শিল্পের শ্রেণিভিত্তিক হিসাবে চট্টগ্রামে সবচেয়ে বেশি রয়েছে মাইক্রো শিল্প। মোট অর্থনৈতিক ইউনিটের ৬৭ দশমিক ৪৪ শতাংশ এ শ্রেণির। কুটির শিল্প ২৫ দশমিক ৬৪ শতাংশ, ক্ষুদ্র শিল্প ৬ দশমিক ২৮ শতাংশ, মাঝারি শিল্প শূন্য দশমিক ৪৭ শতাংশ এবং বৃহৎ শিল্প শূন্য দশমিক ১৭ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতের অবস্থান শীর্ষে। এ খাতের অংশ ৪৪ দশমিক ১৮ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাইকারি ও খুচরা ব্যবসা খাত, যার হার ২১ দশমিক ৫৭ শতাংশ। এ ছাড়া শিক্ষা, অন্যান্য সেবা, আবাসন ও খাদ্যসেবা, মানবস্বাস্থ্য এবং আর্থিক ও বীমা খাতেও উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

প্রতিবেদনে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা পর্যাপ্ত মূলধনের অভাব। মোট অর্থনৈতিক ইউনিটের ৮৫ দশমিক ৮৯ শতাংশ এ সমস্যার কথা জানিয়েছে। এ ছাড়া সহজ শর্তে ঋণ না পাওয়া, অবকাঠামোগত সীমাবদ্ধতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দক্ষ জনবলের অভাব এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে ব্যবসা পরিচালনার অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম দেশের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। তাই অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদন এ জেলার উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদন চট্টগ্রাম জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জেলার সামগ্রিক অর্থনৈতিক চিত্র উঠে এসেছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান। তিনি অর্থনৈতিক শুমারি ২০২৪-এর লক্ষ্য ও উদ্দেশ্য, আওতা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরেন। পাশাপাশি স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (এসবিআর) প্রণয়নের বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

তিনি জানান, স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার দেশের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের একটি নির্ভরযোগ্য ও নিয়মিত হালনাগাদযোগ্য তথ্যভান্ডার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক তথ্য সংরক্ষণ, ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক জরিপ ও শুমারির জন্য হালনাগাদ নমুনা কাঠামো তৈরি করা সম্ভব হবে।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ছরওয়ার কামাল টারজান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রথমবারের মতো বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) কার্যক্রম শুরু করেছে। এটি দেশের অর্থনৈতিক তথ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত