রবিবার, নভেম্বর ২২, ২০২৬

গোপালগঞ্জে নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার মোতায়েন

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

গোপালগঞ্জে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনের সময় কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না বাহিনীটি। শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন সদস্যরা।

১৭ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় গোপালগঞ্জের বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী।

তিনি বলেন, গোপালগঞ্জে মোতায়েন করা আট প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন আনসার সদস্যরা।

উপ-মহাপরিচালক জানান, গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন আনসার সদস্যরা। সদরে বিজিবির সঙ্গে এবং টুঙ্গিপাড়ায় এসআরবির সঙ্গে সমন্বিতভাবে টহল ও অভিযান চালানো হবে।

এ ছাড়া একটি প্লাটুন বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আরেকটি প্লাটুন বিসিক অফিস ও সংলগ্ন এলাকায় স্থায়ী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রয়োজনে এসব সদস্যও টহল দেবেন।

সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে।

আনসার বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে মো. আসাদুজ্জামান গনী বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দায়িত্ব পালন করে আসছে আনসার বাহিনী। সম্প্রতি গাজীপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করবেন তাঁরা।

এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত