বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মবিরতি পালন করছেন সাইফ পাওয়ারটেকের পাঁচ শতাধিক শ্রমিক।
১৭ নভেম্বর, মঙ্গলবার সকাল থেকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি)সহ বিভিন্ন টার্মিনালে কাজ বন্ধ করে আন্দোলনে নামেন তারা। এতে বন্দরের পণ্য ওঠানামার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন তারা। এ বিষয়ে সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দেওয়া হলেও পাওনা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন তারা।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধ।
সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। ফলে জাহাজ থেকে পণ্য ওঠানামার কার্যক্রম বন্ধ রয়েছে।
আন্দোলনরত আরেক শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে। তবে বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোনো আলোচনায় বসবেন না বলে জানিয়েছেন শ্রমিকরা।
দীর্ঘদিনের পাওনা পরিশোধ না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।
এসএস
