রবিবার, নভেম্বর ২২, ২০২৬

রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে

ডেস্ক রিপোর্ট
[news_photocard_button text="Your custom text"]

আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে ডিলার নিয়োগে অনলাইন আবেদন পদ্ধতি চালু করেছে সংস্থাটি। নতুন ব্যবস্থায় ঘরে বসেই আবেদন করতে পারবেন আগ্রহীরা। পাশাপাশি আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানা যাবে অনলাইনে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, আগে ডিলার নিয়োগের আবেদনসহ যাবতীয় কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হতো। এতে আবেদনকারীদের ভোগান্তির পাশাপাশি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল। নতুন ডিজিটাল পদ্ধতিতে এসব সমস্যা কমবে বলে আশা করছে সংস্থাটি।

তিনি জানান, দেশের বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। অনলাইনে জমা পড়া আবেদনগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই ও মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। পরে তদন্ত প্রতিবেদন পাঠানো হচ্ছে মূল্যায়ন কমিটির কাছে।

ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এই কমিটি ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

টিসিবি চেয়ারম্যান বলেন, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। এখনো সব জেলার প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।

তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।

জানা গেছে, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

নতুন পদ্ধতিতে অনলাইন আবেদন, জেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে যাচাই এবং মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত—এই তিন ধাপে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। টিসিবির আশা, ডিজিটাল ব্যবস্থার ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতিও নিশ্চিত করা সম্ভব হবে।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত