চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্ণ হচ্ছে আজ শনিবার। এই সময়ে নগরীর জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা বাড়ানোকে নিজের বড় অর্জন হিসেবে দেখছেন ডা. শাহাদাত হোসেন। তবে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারাকে ব্যর্থতা হিসেবে স্বীকার করেছেন তিনি। পরিকল্পিত নগরী গড়ে তুলতে তাঁর প্রত্যাশা, প্রতিষ্ঠা হবে ‘নগর সরকার’।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন শাহাদাত হোসেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে মেয়র ঘোষণা করা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মেয়র হন শাহাদাত। ওই বছরের ৩ নভেম্বর তিনি শপথ নেন। এরপর গত ২৫ অক্টোবর সরকারি আদেশে মেয়র পদ থেকে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দুই বছরের দায়িত্ব পালন উপলক্ষে শনিবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি করপোরেশন। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে তাঁর মেয়াদকালের উন্নয়ন ও কার্যক্রমের বিবরণসংবলিত একটি স্মারক।
শাহাদাত হোসেন বলেন, দুই বছর আগে চসিকের দেনার পরিমাণ ছিল ৫৯৬ কোটি টাকা। বর্তমানে তা কমে ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। নিয়মিত ব্যয় মেটানোর পাশাপাশি দেনা কমানো এবং রাজস্ব আয় বাড়ানো সম্ভব হয়েছে।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে সিটি করপোরেশনের ইতিহাসে সর্বোচ্চ ৫৫৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ আয় ১৭৩ কোটি টাকা বেশি।
সিটি করপোরেশনকে পুরোপুরি স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়ে প্রশাসক বলেন, নগরবাসীকে সেবা দিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ৮০০টি ফ্ল্যাট নির্মাণ, ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন এবং একটি ইকোপার্ক গড়ে তুলতে চান তিনি। প্রতিটি কাজের জন্য ঢাকার ওপর নির্ভরশীল থাকতে চান না বলেও জানান তিনি।
নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু করাকেও সাফল্য হিসেবে দেখছেন শাহাদাত। তাঁর ভাষ্য, অ্যাপটি চালুর চার মাসে ৬ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ২০০টি অভিযোগের সমাধান করা হয়েছে, যা মোট অভিযোগের প্রায় ৬০ শতাংশ।
নগরীর অবকাঠামো উন্নয়ন ও আলোকায়ন খাতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ৩৫৭ কিলোমিটার সড়কের উন্নয়ন এবং ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের কাজ চলছে। নির্মাণ করা হয়েছে ১০টি সেতু ও ২০টি কালভার্ট। নগরীর সৌন্দর্যবর্ধনে পতেঙ্গা থেকে মোহরা পর্যন্ত আইল্যান্ড নির্মাণ করা হচ্ছে। পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকও নির্মাণ করেছে চসিক।
চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন প্রশাসক শাহাদাত হোসেন। তাঁর হিসাবে, এ ক্ষেত্রে অগ্রগতি প্রায় ৭০ শতাংশ।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগে বহদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া ও আগ্রাবাদ এক্সেস রোডের মতো এলাকায় পানি জমে ব্যাপক দুর্ভোগ তৈরি হতো। এখন এসব এলাকার পরিস্থিতির উন্নতি হয়েছে।
নগরীর অবশিষ্ট ৪০টি খাল সংস্কারের জন্য নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এসব খাল সংস্কার করা গেলে জলাবদ্ধতা আরও কমবে। চলমান প্রকল্পের কাজ শেষ হলে খালগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এরপর খালের পাড়ে ওয়াকওয়ে ও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অতীতের মতো নৌপথে বাণিজ্যিক কার্যক্রম উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল নিয়ে ৮ হাজার ৬২৬ কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ চলছে প্রায় নয় বছর ধরে। এত কিছুর পরও চলতি বছর অতিভারি বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় একাধিকবার জলাবদ্ধতা সৃষ্টি হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রকল্পের অগ্রগতি।
নগরীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে ৪১টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছেন শাহাদাত। এর মধ্যে ১১টির কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে হেলথ কার্ড চালু এবং চসিক জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নকেও নিজের অর্জন হিসেবে উল্লেখ করেন।
দায়িত্ব গ্রহণের সময় ‘গ্রিন, ক্লিন ও হেলদি সিটি’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহাদাত হোসেন। তবে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার ক্ষেত্রে এখনো প্রত্যাশিত সাফল্য আসেনি বলে স্বীকার করেছেন তিনি।
শাহাদাত বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কাজটি বেশ কঠিন। সিটি করপোরেশন যতই চেষ্টা করুক, নগরবাসী সচেতন না হলে এ উদ্যোগ সফল করা সম্ভব নয়। এ কারণে নাগরিকদের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার বিষয়ে তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে একাধিক বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।
চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবকে বড় বাধা হিসেবে দেখছেন শাহাদাত হোসেন। তাঁর মতে, সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় উন্নয়নকাজে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন তিনি। প্রশাসকের দায়িত্বে থেকেও সেই দাবির কথা পুনর্ব্যক্ত করেছেন। তাঁর প্রত্যাশা, পরিকল্পিত নগরী গড়ে তুলতে নগর সরকারের প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নেবেন।
এদিকে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কেও জড়িয়েছেন শাহাদাত হোসেন। দেয়ালে গ্রাফিতি আঁকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। এ ছাড়া বগা নামের এক ব্যক্তিকে নগর ভবনে আশ্রয় দিয়ে পুলিশের গ্রেপ্তার এড়াতে সহযোগিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মশা নিয়ন্ত্রণের কার্যক্রম দেখতে বিদেশ সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রী ফিরিয়ে দেওয়ার ঘটনাও সে সময় আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে ৫২ হাজার ৪৮৯ ভোট পেয়েছিলেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন এবং তিন বছর ছয় মাস চার দিন দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশত্যাগ করেন। পরে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর গত ২৫ অক্টোবর সরকার তাঁকে সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেয়।
এসএস
