বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
[ad_m4LjshC9]

স্কালোনির জায়গায় আর্জেন্টিনার কোচ হতে আগ্রহী কোপাজয়ী এই ফুটবলার

স্পোর্টস্ ডেস্ক

আর্জেন্টিনার ডাগআউটে লিওনেল স্কালোনিকে নিয়ে অনিশ্চয়তা বেশ অনেক আগে থেকেই ছিল। এর মধ্যে জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অবসর ঘোষণার পর স্কালোনিকে ঘিরে শঙ্কা আরও পাকাপোক্ত হয়েছে। আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

এমন অনিশ্চয়তার মাঝেই আলবিসেলেস্তেদের হটসিটে বসার ইচ্ছা প্রকাশ করলেন আন্তোনিও মোহামেদ। বর্তমানে মেক্সিকান ক্লাব টালুকার কোচ সাফ জানিয়ে দিয়েছেন, তিন দশকের বেশি সময় ফুটবলে কাটানোর পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা তার রয়েছে।

আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মোহামেদ বলেন, ‘ফুটবলে এতদিন কাটানোর পর যে কেউ যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখে। আমার বয়স এখন ৫৬ বছর। ১৯৮৬ সালে ড্র্রেসিংরুমে আমার অভিষেক হয়েছিল। ফুটবলে ৪০ বছর ধরে আছি, যার মধ্যে ২০ বছরের বেশি সময় কোচিং করাচ্ছি। আমি প্রস্তুত।’ জাতীয় দলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল সবার ওপরে। আমি জাতীয় দলের একজন অনুরাগী।’

[ad_OwixA1az]

আলবিসেলেস্তেদের হটসিটে বসার ইচ্ছা প্রকাশ করলেন আন্তোনিও মোহামেদ।

২০০৩ সালে মেক্সিকোর ক্লাব জাকাতেপেক দিয়ে মোহামেদের কোচিং ক্যারিয়ার শুরু হয়। এরপর মেক্সিকো, আর্জেন্টিনা, স্পেন ও ব্রাজিলের একাধিক ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। আর্জেন্টিনায় হুরাকানকে ২০০৭ সালে প্রথম বিভাগে তুলে আনা ছাড়া কোলোন ও ইন্ডিপেন্ডিয়েন্তেতে দায়িত্ব পালন করেন। ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে ২০১০ সালে তিনি জেতেন কোপা সুদামেরিকানা।

আন্তর্জাতিক ফুটবলে সেল্তা ভিগো, আতলেতিকো মিনেইরো, আমেরিকা, মোন্তেরে, পুমাছ ও টলুকার মতো পরিচিত ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। সব মিলিয়ে ক্যারিয়ারে জিতেছেন ১৪টি শিরোপা, যার মধ্যে মেক্সিকান চ্যাম্পিয়নশিপ, ব্রাজিলিয়ান সুপার কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ও লিগস কাপ অন্যতম।

২০১৪ সালের শেষের দিকে মেক্সিকান ক্লাব টালুকায় যোগ দেওয়ার পর মাত্র দেড় বছরের মধ্যে ছয়টি ট্রফি জেতেন মোহামেদ, যা তাকে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল কোচে পরিণত করে। ২০১৬ সালের লিগস কাপে মোন্তেরেকে হারিয়ে জেতা শিরোপাটিই তার সর্বশেষ ট্রফি।

কোচিংয়ে আসার আগে আন্তোনিও মোহামেদ একজন পেশাদার ফরোয়ার্ড ছিলেন। ১৯৮৬ সালে মেক্সিকান ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। খেলোয়াড় হিসেবে তিনি আর্জেন্টিনার দল হুরাকান, বোকা জুনিয়র্স, ইন্ডিপেন্ডিয়েন্তে ছাড়াও মেক্সিকোর তোরোস নেজা ও মনতেরের মতো ক্লাবে ফরোয়ার্ড হিসেবে দীর্ঘদিন খেলেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও তিনি ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৯৯১ সালের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা স্কোয়াডের সদস্য ছিলেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]

সম্পর্কিত