শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফীর ছেলে। তিনি জেলা যুবদলের কর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, কেরানিহাট এলাকায় করিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

[ad_OwixA1az]

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনাটি রাজনৈতিক বিরোধের কারণে নাও হতে পারে। মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উরকিরচরের কেরানিহাট এলাকায় কে বা কারা একজনকে গুলি করে হত্যা করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।’

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার পেছনে কোনো বিরোধ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে রাউজানে এ নিয়ে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার সঙ্গে করিম হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত