শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
[ad_m4LjshC9]

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

১৫ জুন, সোমবার রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এ হত্যা মামলা করেন। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, মাসুদুল হক চৌধুরী খুনের ঘটনায় সোমবার মধ্য রাতে নিহতের পরিবার থানায় মামলা করেছে। রাউজান থানার মামলা নং- ১৪। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান চলমান আছে। তবে ঘটনার পর সন্দেহভাজন মুহাম্মদ জাকির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

[ad_OwixA1az]

গত শনিবার দুপুরে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করে। স্থানীয়দের চোখের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভিতে।ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত রুদ্র সাজ্জাদ বাহিনীর অনুগত রায়হান বাহিনীর সদস্যরা এই হত্যা মিশনে অংশ নেয়। শনাক্ত ৫ জনের মধ্যে রাউজানের কদলপুরের মোহাম্মদ ইলিয়াস ওরফে দামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিনার, রাউজান পৌরসভার ফরেস্ট অফিস এলাকার মোহাম্মদ ইউসুফ, রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ আবছার রয়েছেন। তিনজনের হাতে ছিল পিস্তল, দুজনের কাছে শটগান। ইলিয়াস ও দিদারুল প্রথমে মাকসুদুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর ইউসুফ, জাহেদ ও আবছার দৌড়ে গিয়ে আরও কয়েক রাউন্ড গুলি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান গডফের সদস্যরা। স্থানীয়রা জানান, এলাকার ত্রাস রায়হান বাহিনীর সদস্যরাই মাকসুদুল হত্যায় জড়িত। রায়হান রাউজানের এমপি গিয়াস কাদের চৌধুরীর অনুগত হিসেবে পরিচিত এবং তিনি ও তার লোকজন বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত।

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত