শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
[ad_m4LjshC9]

বোয়ালখালীতে বসতঘর থেকে চোরাই গরু-মহিষ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বসতঘর থেকে দুইটি চোরাই গরু-মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।

১৮ আগস্ট, মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের ঘর থেকে এ গরু-মহিষ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার নিমতলা মাজার এলাকা থেকে মিনি পিকআপ করে মহিষ চুরি করে পালিয়ে আসে চোরের দল।

[ad_OwixA1az]

বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে পিকআপটি উপজেলার দাশের দিঘি হয়ে সারোয়াতলীতে ঢুকে পড়ে। এ সংবাদে বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সজীবের বসতঘর থেকে চোরাই ১টি গরু ও ১টি মহিষ উদ্ধার করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের জানান, তিনি খোলা বিলে মহিষ লালন পালন করেন। আজ ভোরে চোরের দল প্রথমে একটি পিকআপে করে তার ২টি মহিষ নিয়ে যায়। এরপর আরেকটি মহিষ পিকআপে তোলার সময় তিনি তা দেখে ফেললে তড়িঘড়ি করে পালিয়ে যাচ্ছিল গাড়িটি। ওই গাড়িকে আটকানো চেষ্টা করেও তিনি সফল হননি।

এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা দিয়ে পিকআপের গতি রোধের চেষ্টা করেছিলেন তিনি। তবে পিকআপের ধাক্কায় অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চালকও আহত হয়েছেন। তাৎক্ষণিক পটিয়া পুলিশের সহযোগিতা চাইলে টহল পুলিশ পিকআপটিকে ধাওয়া করে। এক পর্যায়ে ওই গাড়ির সূত্র ধরেই সারোয়াতলীতে চুরি করা গরু-মহিষ রাখার বসতঘরটির সন্ধান পাওয়া যায়।

আবদুল্লাহ আরও জানান, তিনটি মহিষের বাজার মূল্য প্রায় ৯লাখ টাকা হবে। একটি পাওয়া গেলেও আরও দুইটি মহিষের খোঁজ পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, উদ্ধার করা মহিষটি তার মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোটর সাইকেল ও গরুটি জব্দ রয়েছে। ঘটনাস্থল পটিয়ায় হওয়ায় এ ব্যাপারে পটিয়া থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত