মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

প্রশ্নপত্রের ছবি তুলে এআই থেকে উত্তর, বহিষ্কার এক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় নকলের চেষ্টা করতে গিয়ে চট্টগ্রামে এক পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। প্রশ্নপত্রের ছবি তুলে এআই অ্যাপের মাধ্যমে উত্তর বের করে পরীক্ষার খাতায় লিখছিলেন তিনি। বিষয়টি নজরে আসায় কেন্দ্র পরিদর্শক তাকে হাতেনাতে আটক করেন। পরে মুঠোফোন জব্দ করে বোর্ডের বিধি অনুযায়ী ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

২৭ জুলাই, সোমবার চট্টগ্রাম নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী।

সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

[ad_OwixA1az]

কেন্দ্র সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শুরুর পর কৌশলে সঙ্গে আনা মুঠোফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তোলেন ওই পরীক্ষার্থী। পরে ফোনে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপের মাধ্যমে প্রশ্নের উত্তর বের করে তা দেখে খাতায় লিখতে শুরু করেন।

পরীক্ষার হলে মুঠোফোন ব্যবহারের অস্বাভাবিক আচরণ কেন্দ্র পরিদর্শকের নজরে এলে তিনি তাৎক্ষণিক তল্লাশি চালান। এ সময় পরীক্ষার্থীর কাছ থেকে সচল মুঠোফোন উদ্ধার করা হয়। পরে এআই অ্যাপ ব্যবহার করে নকলের প্রমাণ পাওয়ায় বোর্ডের বিধি অনুযায়ী মুঠোফোনটি জব্দ করা হয় এবং ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নগরের একটি কলেজের মানবিক বিভাগের এক পরীক্ষার্থী মুঠোফোন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নকল করার চেষ্টা করেছিলেন। বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে এবং ব্যবহৃত মুঠোফোনটি জব্দ করা হয়েছে।

এদিকে, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ ১৮ দিন স্থগিত থাকার পর সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু হয়। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এদিন মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ।

জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২০২ জন পরীক্ষার্থী। এছাড়া কক্সবাজারে ২৬৩ জন, খাগড়াছড়িতে ১৫৪ জন, রাঙামাটিতে ১০৯ জন এবং বান্দরবানে ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

গত ১৬ জুলাই বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এর আগে ৮ জুলাইও বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত