জুলাই গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার শ্রীশ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরে বিশেষ প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনার পাশাপাশি আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
২৩ জুলাই, বৃহস্পতিবার, সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
স্মরণসভায় বক্তারা বলেন, হৃদয় চন্দ্র তরুয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সাহসী অংশগ্রহণকারী ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জরুরি ওপেন হার্ট সার্জারির পরামর্শ দেন। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার সম্ভব হয়নি।
[ad_OwixA1az]বক্তারা আরও জানান, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলেও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে কয়েকটি হাসপাতালে ভর্তি করাতে জটিলতার মুখে পড়তে হয়। দীর্ঘ সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার পর ২৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
তারা বলেন, হৃদয় চন্দ্র তরুয়ার আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার আদর্শ নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভা শেষে হৃদয় চন্দ্র তরুয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পৌরহিত উত্তম চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন রতন তালুকদার। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সলীল সেন, সাধন দত্ত ও বিপুল পাল। বক্তব্য দেন অর্থ সচিব কানু লাল ঘোষ এবং বাগীশিক আকবরশাহ থানা সংসদের সভাপতি আশীষ দাশ।
এ ছাড়া অনুষ্ঠানে আশু দাশ, পঙ্কজ দাশ, গীতা প্রশিক্ষক সাগর দাশ ও ফাল্গুনী দাশ, জয় দাশসহ শ্রীশ্রী সেবাখোলা গীতা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এসএস
[ad_ujVHoYsI]
