রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থান এবং সেই সময়ের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ওই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।

১২ মার্চ, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া লিখিত ভাষণে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এই নীতি নিয়ে দেশ পরিচালনা করছে। দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা নারীর অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
রাষ্ট্রপতি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে দেশকে বের করে আনতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কথাও উল্লেখ করেন। পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কেও তথ্য তুলে ধরেন।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, কৃষি, অর্থনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সরকারের নেওয়া জনকল্যাণমূলক উদ্যোগ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।
এসএস



