বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

১৬ জুলাই, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।চিকিৎসকদের ভাষ্য, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

[ad_OwixA1az]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে আগুন লাগতে পারে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত শ্রমিকরা দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।

দগ্ধ শ্রমিকরা হলেন— বোয়ালখালীর দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), নগরের সদরঘাট এলাকার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর নূর নবী (২৫), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের ঘটনা ঘটে। এতে ৮ থেকে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত