শনিবার, জুন ১৩, ২০২৬
[ad_m4LjshC9]

খুলশীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের ২ গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

নগরের খুলশী এলাকার লেকভ্যালি আবাসিকে সরকারি জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

৫ জুন, শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে ‘বোমা বগা’র অনুসারীদের সঙ্গে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফের অনুসারীদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই বিরোধ শুক্রবার রাতে প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।

[ad_OwixA1az]

বিএনপি নেতাকর্মী ও এলাকার একাধিক বাসিন্দা জানান, কয়েক মাস ধরে এলাকায় আধিপত্য বিস্তার, বিভিন্ন স্থাপনা ও খালি জায়গার নিয়ন্ত্রণ নিয়ে ওই দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি উত্তেজনা আরও বাড়ে। এরপর গতকাল রাতে জমি দখল নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে জড়ায় তারা।

ওয়াকিল হোসেন বগার অনুসারীদের অভিযোগ, জমি দখলের চেষ্টা প্রতিহত করায় তাদের ওপর হামলা চালান ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ ও তার অনুসারীরা। সংঘবদ্ধ ওই হামলায় তাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

তবে হানিফের সমর্থকদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। প্রতিপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করেছে।

চট্টগ্রাম নগর পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

খুলশী এলাকায় এর আগেও আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। সম্প্রতি সেগুনবাগান, কুসুমবাগ ও আশপাশের এলাকায় কয়েক দফা সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত