চট্টগ্রামের খুলশী এলাকায় ৭ তলা বিশিষ্ট আবাসিক ভবন ‘নাহার ভিলা’-তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ–০৩, চট্টগ্রামের পুলিশ সুপার কার্যালয় ভবনের পার্শ্ববর্তী জাকির হোসেন রোডে অবস্থিত ভবনটিতে গত ২০ জানুয়ারি, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের সময় ঘনবসতিপূর্ণ ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে আসেন। তবে ভবনের ভেতরে কয়েকজন বয়স্ক ব্যক্তি ও শিশু আটকা পড়েন। আগুন ও ধোঁয়ায় চারপাশ ঘিরে ফেলায় তারা চরম আতঙ্কের মধ্যে পড়েন।
সংকটময় এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের কয়েকজন সাহসী সদস্য জীবনবাজি রেখে দ্রুত ভবনের ছাদে উঠে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধারে সহায়তা করেন।
পুলিশ সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের ফলে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে বহু মানুষ রক্ষা পান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এগিয়ে না এলে ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারত।
যদিও এই সাহসিকতা হয়তো বড় পরিসরে আলোচনায় আসবে না, তবুও ‘নাহার ভিলা’-র বাসিন্দাদের বেঁচে থাকা প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকবে ওই বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা। স্থানীয়দের মোনাজাতে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে সাহসী দুই পুলিশ সদস্য আরিফুল ও মিরাজকে।
এসএস



