শনিবার, মে ৩০, ২০২৬

দেশে আসছে কারিনার মরদেহ

বিনোদন ডেস্ক

কারিনা কায়সারের মরদেহ আজ ১৭ মে, রোববার দেশে আনা হচ্ছে । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় জানাজা শেষে গজারিয়ায় দাফন করা হবে তাকে। এর আগে, লিভার জটিলতায় দীর্ঘদিন ভোগার পর গত ১৫ মে, শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কারিনার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রোববার দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভারের অবস্থা গুরুতর হয়ে পড়ে। একই সঙ্গে ফুসফুসেও সংক্রমণ দেখা দেয়। চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।

কায়সার হামিদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসার একপর্যায়ে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় কারিনার রক্তচাপ হঠাৎ আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত