শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

আমীর খসরুর বিজয় ছাড়া চট্টগ্রামের উন্নয়ন সম্ভব নয় : দীপ্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ইপিজেড থানা যুবদলের উদ্যোগে বন্দরটিলা মোড়ে আয়োজিত গণমিছিল পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন দীপ্তি বলেন, সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি জনগণের দল, অতীতেও বিএনপি সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নগর উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে। আগামীতেও দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপিই নেতৃত্ব দেবে।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটারদের সকাল সকাল ভোটকেন্দ্রে পৌঁছে দিতে হবে। ভোটাররা যদি ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করেন, তাহলে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দীর্ঘদিনের সংগ্রাম সফল হবে।

ইপিজেড থানা যুবদলের সাবেক আহ্বায়ক হোসনে মোবারক রিয়াদের সভাপতিত্বে ও থানা যুবদল নেতা সাইফুর রহমান রনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন এবং মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির।

এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা মোহাম্মদ সেলিম, আরিফ খান রনি, আনিছুর রহমান, শিবলু, জাসেদ, জাবেদ খান, সাদ্দাম হোসেন, মুনছুর আলী, নুর হোসেন মনির, মো. মামুন, সালাউদ্দিন, সাইফুর রায়হান, মো. রুবেল, আরিয়ান আলমগীর, জুয়েল, রাশাসহ অন্যান্য নেতাকর্মীরা।

পথসভা শেষে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি বন্দরটিলা মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টিল মিল বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত