আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুই সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে।

৩ জানুয়ারি, মঙ্গলবার আপিল বিভাগের আদেশে বলা হয়, চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। একই আদেশে শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে উল্লেখ করা হয়।
তবে আদেশে স্পষ্ট করে বলা হয়েছে, সংশ্লিষ্ট আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করতে পারবে না নির্বাচন কমিশন।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী ইসমাইল গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ফুল বেঞ্চ তাদের করা আপিল গ্রহণ করেছেন।
তিনি বলেন, চূড়ান্ত আপিল শুনানি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে পারবে না।
আইনজীবী ইসমাইল গণি জানান, এ বিষয়ে আগামী ২৮ এপ্রিল আপিলের চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
সোমবার বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের আইনজীবীরা শুনানি করেন। মঙ্গলবার অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবীরা শুনানির পর আপিল বিভাগ এই আদেশ দেন।
এসএস



