শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

পটিয়ায় পৃথক দুর্ঘটনায় নৌবাহিনীর সৈনিকসহ দুজন নিহত, আহত ১

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক সৈনিকসহ দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।

৩০ জানুয়ারি, শুক্রবার সকাল ৮টার দিকে পটিয়া বাইপাস এলাকার শেয়ানপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. নাজমুস সাকিব (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির একজন সৈনিক। এ ঘটনায় আহত হন মো. ইকরাম হোসেন (২৯)।

নিহত নাজমুস সাকিব চট্টগ্রামের পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাজমুস সাকিব ও ইকরাম হোসেন মোটরসাইকেলে ঘুরতে বের হলে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়।

পরে র‍্যাবের একটি টহল দল আহত ইকরাম হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাস ও চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পটিয়া উপজেলার জিরি মাদরাসা গেইট এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার আরাকান সড়কে বাসচাপায় মোহাম্মদ আলী (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা ও মোহাম্মদ হাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি পটিয়ার শান্তিরহাট এলাকায় এক প্রতিবেশীর মেহেদী অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে রওনা হন। মোটরসাইকেলের পেছনে একটি দ্রুতগতির বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর একজন সৈনিক ও এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালকরা পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত