শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

পটিয়ায় রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে পুলিশের জালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করে গা ঢাকা দেওয়া এক ছাত্রলীগ নেতা শেষ পর্যন্ত ধরা পড়লেন রেস্তোরাঁয়—রাজনীতির কোনো কর্মসূচিতে নয়, বান্ধবীর সঙ্গে সাক্ষাতে। ২৭ ডিসেম্বর, শনিবার দুপুরে পটিয়া পৌরসদরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ইমনের বয়স ২২ বছর। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের পদধারী নেতা এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বড়লিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ব্যানারে একটি কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওই কর্মসূচিতে ইমনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। ঘটনার পর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। তবে রাজপথে নয়, রেস্তোরাঁর টেবিলেই শেষ পর্যন্ত তাঁর সন্ধান মেলে।

২৭ ডিসেম্বর, শনিবার দুপুরে বান্ধবীর সঙ্গে সময় কাটাতে পটিয়া সদরের একটি রেস্তোরাঁয় অবস্থান করছিলেন ইমন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের স্লোগান থেমে গেলেও প্রেমের আলাপ থামার আগেই পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি বদলে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাঁকে পাওয়া যাচ্ছিল না, তাঁকে শেষ পর্যন্ত পাওয়া গেল প্রেমের টেবিলে। রাজনীতির ঝটিকা কর্মসূচি শেষ হলেও আইনের ঝটিকা অভিযান যে এখনো সক্রিয়, এই গ্রেপ্তার তারই ইঙ্গিত।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত