দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন। ভেবেছিলেন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরে যাবেন কর্মস্থল কাতারে। কিন্তু ডেঙ্গু কেড়ে নিল সেই স্বপ্ন। আট মাসের মেয়েকে আর আদর করা হলো না, স্ত্রীকে রেখে চিরবিদায় নিতে হলো ৩৪ বছর বয়সী কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজকে।
২০ নভেম্বর, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় হাসপাতালের বিছানায় পড়ে ছিল তাঁর জীবনের শেষ স্বপ্ন—আট মাসের ছোট্ট মেয়ে ফারহিনানা পারভেজ আয়রা।
পারভেজ চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া এলাকার নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাসজীবনে তিনবার দেশে ছুটি কাটাতে এলেও এবারই ছিল শেষ ফেরা। প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে আসেন তিনি।
পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে ছেলের জ্বর শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শুক্রবার রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুই বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তাঁর আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শ্যালক গিয়াস উদ্দিনকে কাছে ডেকে নিজের বুকের ওপর তাঁর ডান হাত রেখে শেষ কথাগুলো বলেছিলেন পারভেজ। গিয়াস উদ্দিনের ভাষ্য অনুযায়ী, পারভেজ বলেছিলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’
মৃত্যুর আগে বলা সেই কথাগুলো এখন স্বজনদের কাছে হয়ে উঠেছে এক বেদনাবিধুর স্মৃতি।
গিয়াস উদ্দিন বলেন, দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না তাঁর। ফিরতে হলো মাটির কবরে।
শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়। আট মাসের মেয়েকে রেখে তাঁর এমন চলে যাওয়া পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।
এসএস
