মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পাচ্ছেন?

স্পোর্টস্ ডেস্ক

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের সঙ্গে আর্জেন্টিনা ফুটবলও প্রবেশ করতে যাচ্ছে নতুন এক যুগে। মঙ্গলবার বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ ছিল। ৩৯ বছর বয়সী এই তারকা বিদায় নিয়েছেন দেশের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে।

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার হাতে উঠবে, সেটিই এখন বড় প্রশ্ন। মেসি ও দিয়েগো ম্যারাডোনার উত্তরাধিকার বহন করা এই জার্সির চাপও কম নয়। ম্যারাডোনার পর হুয়ান রোমান রিকেলমে, পাবলো আইমার ও আরিয়েল ওর্তেগারা এই জার্সি পরলেও কেউই মেসির মতো প্রভাব ফেলতে পারেননি।

সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে ভাবা হচ্ছে হুলিয়ান আলভারেজকে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে মেসির অনুপস্থিতিতে নিয়মিত তার ভূমিকায় খেলেছেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে গোলও করেছিলেন তিনি। তবে মেসির মতো প্লেমেকার নন আলভারেজ, আন্তর্জাতিক ফুটবলেও এখনো তার গোলসংখ্যা ৬১ ম্যাচে ১৬।

মেসির সঙ্গে খেলার ধরন সবচেয়ে বেশি মেলে নিকো পাজের। কোমোর ২২ বছর বয়সী এই বাঁ পায়ের অ্যাটাকিং মিডফিল্ডার ১৩ ম্যাচে আর্জেন্টিনার হয়ে করেছেন ৩ গোল। মেসিও পাজের ফুটবল বুদ্ধিমত্তা ও খেলা বোঝার ক্ষমতার প্রশংসা করেছেন। তবে পাজকে মূল তারকা হিসেবে নয়, বরং আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বেশি কার্যকর মনে করা হচ্ছে।

আরেকটি সম্ভাবনাময় নাম ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার এরই মধ্যে জাতীয় দলের হয়ে প্রতিভার জানান দিয়েছেন। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে খেলা, ড্রিবলিং ও দূরপাল্লার শটে তার দক্ষতার সঙ্গে মেসির মিল আছে।

এর বাইরে আছেন থিয়াগো আলমাদা। লিওনেল স্কালোনির আস্থাভাজন এই ২৫ বছর বয়সী ফুটবলার ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার, মিডফিল্ডার কিংবা দুই প্রান্তে—বিভিন্ন পজিশনে খেলতে পারেন তিনি। তবে ইউরোপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ১০ নম্বর জার্সির দৌড়ে তাকে এগিয়ে রাখা হচ্ছে না।

তবে মেসির উত্তরসূরি খোঁজার চেয়ে আর্জেন্টিনাকে নতুনভাবে গড়ে তোলাই হবে স্কালোনির বড় কাজ। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাওতারো মার্তিনেজদের নিয়ে দলটির ভিত্তি শক্তই আছে। কিন্তু মেসির প্রভাব এককভাবে পূরণ করা সম্ভব নয়। নতুন যুগে তাই একাধিক খেলোয়াড়কেই ভাগ করে নিতে হবে মেসির দায়িত্ব।

এসএস

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত