চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, হামলা ও ভাঙচুরের আলোচিত ঘটনার প্রায় তিন মাস পর মামলার ২ নম্বর আসামি মো. সালাউদ্দিন ওরফে ‘গাছখেকো’ সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ আগস্ট, সোমবার বিকেলে কর্ণফুলী উপজেলার কেইপিজেড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অন্য একটি সূত্রের দাবি, তিনি স্বেচ্ছায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
গ্রেপ্তার হওয়া সালাউদ্দিন (৩০) কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের রাজ্জাকপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
[ad_OwixA1az]কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে থানার সেকেন্ড অফিসার তীথংকর দাস বলেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে কেইপিজেডের প্রধান ফটক এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি সালাউদ্দিন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই ঘটনায় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের ওপরও হামলা চালানো হয়। ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, ইট ও ভাঙা কাচের টুকরো উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, সালাউদ্দিনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ সালে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা, ২০২৪ সালের একটি চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত মামলা এবং ২০২১ ও ২০২২ সালে দায়ের হওয়া হত্যা চেষ্টা, সংঘবদ্ধ হামলা, অবৈধ অনুপ্রবেশ, মারধর, চুরি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগের আরও তিনটি মামলা।
পুলিশের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতেও তাকে একজন সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাস বলেন, “সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।”
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “সালাউদ্দিন গ্রেপ্তার হয়েছে, বিষয়টি গোপন করার কিছু নেই। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এসএস
[ad_ujVHoYsI]
