সোমবার, আগস্ট ৩, ২০২৬
[ad_m4LjshC9]

যুবদল নেতা হত্যা মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৪, বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার দুই আসামিকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই দিনে জেলার পৃথক দুটি অভিযানে আরও দুই হত্যা মামলার আসামিকে আটক করা হয়েছে। এসব অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি এবং একটি হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান।

পুলিশ জানায়, রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি মো. দিদার আলম ও আফসার মিয়াকে রোববার রাতে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। তারা আলোচিত সন্ত্রাসী রায়হানের অনুসারী বলে দাবি পুলিশের।

[ad_OwixA1az]

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাউজানের একটি বসতবাড়ির পেছন থেকে ৭ দশমিক ৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দিদার আলম ও আফসারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা রয়েছে।

এদিকে হাটহাজারীর পশ্চিম মেখল এলাকায় নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলমকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কিরিচ ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে, মীরসরাই উপজেলার হিংগুলি এলাকায় নাজিম হত্যা মামলার আসামি রনি ও বোরহানকে পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলার বিভিন্ন আলোচিত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত