চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের ও লবণ মাঠের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩১ জুলাই, শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) পশ্চিম সরল বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[ad_OwixA1az]পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরল ইউনিয়নে মাছের ঘের ও লবণ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। একপর্যায়ে জিল্লুর রহমান গুলিবিদ্ধ হন।
সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার জানান, মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, বাঁশখালীর সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালী থেকে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এসএস
[ad_ujVHoYsI]
