মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

একরাম হত্যা মামলা: আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

২৮ জুলাই, সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। ওই সময় কক্সবাজার র‌্যাব-৭-এর আওতাধীন ছিল এবং বাহিনীটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিফতাহ উদ্দিন আহমেদ।

[ad_OwixA1az]

সম্প্রতি একরামুল হক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তার থাকা তিন আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

মামলার অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব এবং লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।

আইএসপিআর জানিয়েছে, সেনা হেফাজতে নেওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত