মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

বায়েজিদে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন চট্টগ্রামের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী এবং তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেপ্তাররা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি এবং আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

২৬ জুলাই, রোববার রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

[ad_OwixA1az]

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আসিফ ওই এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর সাক্ষীদের উপস্থিতিতে তাদের তল্লাশি চালানো হয়। এ সময় আসিফের কোমর থেকে কালো প্লাস্টিকের গ্রিপযুক্ত একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির ট্রিগার সচল ছিল এবং ম্যাগাজিনে দুই রাউন্ড গুলি লোড করা ছিল। এছাড়া সাইদুল ইসলাম ওরফে আরিফের প্যান্টের পকেট থেকে পত্রিকার কাগজে মোড়ানো আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারটি গুলির পেছনে “25”, “32” ও “HPM” লেখা খোদাই করা ছিল।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছেন। তারা অবৈধভাবে অস্ত্র ও গুলি সংগ্রহ করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহার করতেন বলেও জানিয়েছেন। তবে এ বক্তব্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বহনের বৈধ কোনো লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি গ্রেপ্তাররা।

পুলিশের তথ্য অনুযায়ী, মো. আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইনের অপরাধ, সরকারি কর্মচারীর ওপর হামলা এবং হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। অন্যদিকে সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত