গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
২৪ জুলাই, শুক্রবার রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর সংসদ ভবনে তারা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা তার সফলতা, সুস্বাস্থ্য এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এর আগে একই দিন সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ।
[ad_OwixA1az]সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতারা রাষ্ট্র পরিচালনায় সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন দায়িত্ব পালনে হাফিজ উদ্দিন আহমদের প্রতি শুভকামনা জানান।
এসএস
[ad_ujVHoYsI]
