চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ফিশারিঘাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে।
২৪ জুলাই, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বাকলিয়া থানাধীন ফিশারিঘাট এলাকার একটি কলোনির একটি বাসায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে একটি কক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন মূল্যমানের নোটসহ প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়।
[ad_OwixA1az]বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আটক নারী নিজেই একটি কক্ষের তালা খুলে দেন। পরে কক্ষে তল্লাশি চালিয়ে খাটের ওপর থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে আটক নারী একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কখনো তিনি দাবি করেন, টাকাগুলো তার ভাগিনা রাখার জন্য দিয়েছিলেন। আবার কখনো বলেন, বাড়ির কাজের জন্য ভাইয়ের কাছ থেকে টাকা এনেছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবার মালিকানা কেউ স্বীকার করেননি।
অভিযান পরিচালনাকারী এসআই মো. মোবারক হোসেন বলেন, *“গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে আমরা ওই এলাকায় গিয়েছিলাম। পরে ফিশারিঘাটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিষয়টি জানতে পেরে সেখানে যাই। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, একটি বাড়িতে মাদক বিক্রি হয়। এরপর অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়।”*
তিনি আরও বলেন, “আটক নারী নিজেই একটি কক্ষের তালা খুলে দেন। ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা ও প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, এর আগে ফিশারিঘাট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসএস
[ad_ujVHoYsI]
