ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দুটি বিলাসবহুল ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে ফ্ল্যাট দুটিতে অভিযান চালিয়ে ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও অন্যান্য সম্পদের তালিকাকরণ (ইনভেন্টরি) শুরু করেছে সংস্থাটি।
১৯ জুলাই, রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুদকের একটি দল ফ্ল্যাট দুটিতে অভিযান চালায়। দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাটের ভেতরে থাকা সব ধরনের সম্পদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাট থেকে বেশির ভাগ মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি দামি গাড়ির চাবি এবং সাত থেকে আটটি দামি ঘড়ির বাক্স উদ্ধার হয়েছে বলে জানান তিনি।
[ad_OwixA1az]মো. মশিউর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দুটি তালাবদ্ধ ছিল। আদালতের আদেশ অনুযায়ী এখন থেকে এগুলো দুদকের সম্পদ ব্যবস্থাপনার আওতায় থাকবে।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলা এবং বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ ওঠে। একই বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়।
দুদকের এই কর্মকর্তা দাবি করেন, সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পদ বিশ্বের নয়টি দেশে পাচার করা হয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত দুদকে ৩০টি মামলা হয়েছে। এছাড়া কর্মচারীদের মালিক সাজিয়ে সম্পদ গোপনের চেষ্টার অভিযোগও রয়েছে বলে জানান তিনি।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এসএস
[ad_ujVHoYsI]
