মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

বায়েজিদে আ.লীগ নেতার কলোনিতে পানি খেয়ে একজনের মৃত্যুর, অসুস্থ অর্ধশত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর এলাকায় আ.লীগ নেতা আবুল হাশেম বাবুলের মালিকানাধীন একটি কলোনিতে ট্যাংকের পানি পান করে অর্ধশতাধিক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

১৭ জুলাই, শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম মো. আব্দুল মতিন (৭৫)। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরজব্বর বাজার এলাকায়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই কলোনির একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

[ad_OwixA1az]

স্থানীয় বাসিন্দা রবিউল হোসেন জানান, কলোনিটির মালিক আবুল হাশেম বাবুল জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর কলোনিতে এক হাজারের বেশি মানুষ ভাড়ায় বসবাস করেন। সেখানে ওয়াসার কোনো পানির সংযোগ নেই; গভীর নলকূপের পানি একটি ট্যাংকে সংরক্ষণ করে সরবরাহ করা হয়।

তাঁর দাবি, দীর্ঘদিন ট্যাংকটি পরিষ্কার না করায় পানি দূষিত হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার থেকে কলোনির বাসিন্দারা গণহারে ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন। যিনি মারা গেছেন, তিনিও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, বর্তমানে ১০ থেকে ১৫ জন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ থেকে ১০ জন সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আরও অনেকে বিভিন্ন হাসপাতালে ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত