চট্টগ্রাম নগরীতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত তরুণকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৬ জুলাই, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. আসাদুল হক (২১) বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করেন।
[ad_OwixA1az]চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালে বিপুল জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
তিনি আরও জানান, বর্তমানে আসাদুল হক আশঙ্কামুক্ত রয়েছেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে, সে বিষয়ে আহত ব্যক্তি ও তার বন্ধুরা কোনো তথ্য জানাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএস
[ad_ujVHoYsI]
