নগর ব্যবস্থাপনায় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সমাধানকে এগিয়ে নিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও প্রিমিয়ার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা, উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
৫ জুলাই, রোববার বিকেল সাড়ে ৩টায় নগরের জিইসি মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষণা কেন্দ্রটির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স।
আয়োজকরা জানান, ২০২৫ সালের জুলাই মাসে মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় সফর করেন। সে সময় বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্সের সঙ্গে শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হলো ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’, যা নগর উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
[ad_OwixA1az]উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি আধুনিক, টেকসই ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমাধানের বিকল্প নেই। নতুন এই গবেষণা কেন্দ্র নগরসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ ধরনের অংশীদারিত্ব চট্টগ্রামকে জ্ঞানভিত্তিক ও স্মার্ট সিটিতে রূপান্তরের পথে আরও একধাপ এগিয়ে নেবে।
মেয়র প্রিমিয়ার ইউনিভার্সিটির সাম্প্রতিক অর্জনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির পাঁচটি স্নাতক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি অর্জন করেছে, যা উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ সাফল্য।
কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে এই সহযোগিতাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। যৌথ গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে এমন একটি অংশীদারিত্ব গড়ে তোলা হবে, যা স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর জ্ঞান ও সমাধান তৈরিতে ভূমিকা রাখবে। তাঁর ভাষায়, এই ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার ভবিষ্যতের গবেষণা ও উদ্ভাবনের একটি শক্তিশালী ভিত্তি হয়ে উঠবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছে। চসিক ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই ত্রিপক্ষীয় সহযোগিতা গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগকে আরও সমৃদ্ধ করবে। তিনি আশা প্রকাশ করেন, এই কেন্দ্র থেকে পরিচালিত গবেষণা ও নীতিগত সুপারিশ নগর উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে বাস্তব অবদান রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক সাদাত জামান খান, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ এবং কাউন্সেলর ফাইজা চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হোসেন চৌধুরী।অনুষ্ঠান শেষে অতিথিরা নবপ্রতিষ্ঠিত ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ পরিদর্শন করেন।
নতুন এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামে নগর পরিকল্পনা, জনসেবা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এসএস
[ad_ujVHoYsI]
