সোমবার, জুন ২২, ২০২৬
[ad_m4LjshC9]

সাতকানিয়ায় ৪ ইঞ্চি জমির বিরোধে হত্যা: ৯ মাস পর আদালতে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ায় সীমানা প্রাচীরের মাত্র ৪ ইঞ্চি জায়গা নিয়ে বিরোধের জেরে রিকশাচালক নুরুল কবির হত্যা মামলায় এজাহারভুক্ত সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

দীর্ঘ নয় মাস তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন রোববার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল লতিফ।

মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ৬ সেপ্টেম্বর বিকেলে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকূল এলাকার সুয়ার বাপের বাড়ি এলাকায় নিজ বসতভিটার সীমানা প্রাচীর নিয়ে প্রতিবেশী আবদুল মজিদ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে নুরুল কবিরের বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন নুরুল কবির। প্রথমে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[ad_OwixA1az]

ঘটনার পরদিন ৭ সেপ্টেম্বর নিহতের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শহিদুল ইসলাম, নেয়াজুর রহমান, শারমিন আক্তার, নজির আহমদ, আবদুল মজিদ, দেলোয়ার হোসেন ও আবদুস সোবহানকে নামীয় আসামি এবং আরও ১-২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলা সূত্রে আরও জানা যায়, আসামিদের মধ্যে নেয়াজুর রহমান, তার স্ত্রী শারমিন আক্তার এবং আবদুল মজিদ উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিনে রয়েছেন। নজির আহমদ বর্তমানে কাতারে অবস্থান করছেন বলে জানা গেছে। অপর আসামি আবদুস সোবহান কারাগারে রয়েছেন। অন্য আসামিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, “সামান্য জায়গা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুরুল কবিরকে পিটিয়ে হত্যা করা হয়। তদন্তে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় এজাহারভুক্ত সকল আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।”

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল লতিফ বলেন, “পুলিশের তদন্তে মামলার সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হওয়ায় নিরপেক্ষ তদন্তের প্রতিফলন ঘটেছে। আমরা আদালতে উপযুক্ত বিচার নিশ্চিত করতে কাজ করে যাব। বিদেশে অবস্থানরত আসামি নজির আহমদের পাসপোর্ট ব্লকের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত