সোমবার, জুন ২২, ২০২৬
[ad_m4LjshC9]

‘মেসির মতো আর কেউ আসবে না’

স্পোর্টস্ ডেস্ক

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে আর্জেন্টিনা। ৩টি গোলই করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

এবার আলবিসেলেস্তেদের সামনে দ্বিতীয় ম্যাচের পরীক্ষা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

ডালাসে বাংলাদেশ সময় ২২ জুন, সোমবার রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচের আগে দলের লক্ষ্য ও মেসিকে নিয়ে খোলামেলা কথা বলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস
মাক আলিস্তার।

[ad_OwixA1az]

লিভারপুলের এই তারকা বলেন, ‘আমাদের এই দলটা সবসময় আরও ভালো কিছু চায়, সেটা মাঠে দেখলেই বোঝা যায়। ফুটবলে অনেক কিছুই ঘটে, তবে আমাদের একমাত্র লক্ষ্য হলো জয়।

আমরা সেরাটাই চাই। বিশ্বকাপ শুরু হলে মানুষের মধ্যে যে উত্তেজনা কাজ করে, সেটা আমরা দেখতে পাই। এই যাত্রাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রতিটি দিন উপভোগ করতে চাই, ধাপে ধাপে এগিয়ে আমাদের লক্ষ্য পূরণ করতে চাই।’
প্রতিপক্ষ অস্ট্রিয়া নিয়ে আলিস্তার বলেন, ‘ওদের বেশ কয়েকজন খেলোয়াড়কে আমি চিনি। দল হিসেবে ওদের খুব একটা চিনতাম না, তবে আমরা কিছু ভিডিও দেখেছি। ওরা শারীরিকভাবে বেশ শক্তিশালী দল এবং খুব আগ্রাসী ফুটবল খেলে। আমরা আমাদের শক্তির জায়গা থেকে স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব, যদি ওরা চাপ দেয় তাহলে লং বল খেলব নাকি সরাসরি আক্রমণে যাব।’

আলজেরিয়ার বিপক্ষে জয়ে মেসির জাদুকরী পারফরম্যান্স নিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘প্রথম গোলটার সময় আমি দেখেছিলাম লিও আমার পেছনে আছে। অনেকেই বলেছে আমি ইচ্ছে করে বলটা ছেড়ে দিয়েছি। কিন্তু যারা ফুটবল খেলে তারা জানে, রদ্রিগোর (দি পল) পাসটা কতটা গতির ছিল এবং আমি জানতাম এটা আমার জন্য ছিল না। দ্বিতীয় গোলের সময় আমি একটু বেশি জড়িত ছিলাম। আর তৃতীয় গোলটা ছিল দারুণ একটা দলীয় আক্রমণ, যা শেষ হয়েছে লিওর জাদুকরী ফিনিশিংয়ে। এটা তার অসাধারণ কাজগুলোর একটি।’

মেসিকে প্রশংসায় ভাসিয়ে মাক আলিস্তার বলেন, ‘আমি লিওর খেলা খুব উপভোগ করি। তার মতো আর কেউ আসবে না। তার খেলা দেখাটা অন্যরকম একটা ব্যাপার। সে যেসব কাজ করে, তা সত্যিই অসাধারণ। আমি শুধু এই সুযোগটা কাজে লাগাতে চাই। তার কাছ থেকে স্কিল শেখা কঠিন, কারণ আপনি মাথায় ভাবলেও সেভাবে মাঠে করে দেখাতে পারবেন না। তবে এত বড় মাপের খেলোয়াড় হয়েও তার যে বিনয় এবং মূল্যবোধ, আমি সেটা তার কাছ থেকে শিখি।’

বাবা কার্লোস খেলেছেন দিয়েগো ম্যারাডোনার সঙ্গে, আর ছেলে আলেক্সিস খেলছেন মেসির সঙ্গে। বিষয়টি নিয়ে বেশ গর্বিত এই অভিজ্ঞ মিডফিল্ডার বলেন, ‘ফুটবলে আমরা খুব ভাগ্যবান একটি পরিবার। সবাই এমন সুযোগ পায় না। আমার বাবা খেলেছেন ম্যারাডোনার সঙ্গে, আর আমি খেলছি মেসির সঙ্গে। বাবার কাছে ম্যারাডোনা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন। বাবা সবসময় বলেন দিয়েগো তাকে কীভাবে সাহায্য করেছেন।’

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত