চট্টগ্রামের পাহাড়তলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ জুন, বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পাহাড়তলীর ‘অমিত ফুড প্রোডাক্টস’-এ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। উৎপাদনস্থলে তেলাপোকা, ইঁদুর, বিভিন্ন পোকামাকড় এবং বিড়ালের অবাধ বিচরণ ছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ব্যবহার, বিএসটিআই সনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে নির্ধারিত নিয়ম অনুযায়ী তথ্য উল্লেখ না করাসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
[ad_OwixA1az]এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এদিকে একই দিনে পাহাড়তলীর ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হলে মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে যায়। এ কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
এসএস
[ad_ujVHoYsI]
