শনিবার, মে ৩০, ২০২৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: এসপি মাসুদ আলম

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুর ও আলীনগরের মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন। এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হতে দেওয়া হবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় পাশে থাকবে।

৮ মে, শুক্রবার দুপুরে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন শেষে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ সুপার স্থানীয় মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, “জঙ্গল সলিমপুরে আপনারা আপনাদের মতো করে চলবেন, ফিরবেন, ঘুরবেন। সবার মতো করে সবাই সবকিছু করবেন। সেই পরিবেশটাই আমরা বজায় রাখতে চাই।”

তিনি আরও বলেন, এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে আইনসম্মত সব ধরনের কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

পুলিশ সুপার বলেন, সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেও পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় কাজ করবে। তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, “আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নাই এখানে কিছু করার।”

জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।

একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়িয়ে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে পুলিশ কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত