কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। আজ সোমবার সকাল আটটার দিকে শুরু হওয়া বৃষ্টিতে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে নগরজীবন।

সকাল নয়টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর পরপরই তাপমাত্রা কিছুটা কমে আসে, কমে ভ্যাপসা গরমের তীব্রতাও।
নগরীর আমবাগান আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ বিজন রায় বলেন, সকাল আটটা থেকে বৃষ্টি শুরু হয় এবং সকাল নয়টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, দিনের পরের ভাগে বিশেষ করে রাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

অন্যদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় একই সময়ে দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গত এক সপ্তাহ ধরে অস্বাভাবিক তাপমাত্রা ও ভ্যাপসা গরমে নগরজীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। দিনের বেলায় তীব্র রোদ আর রাতের বেলায় গরমে ঘুমহীনতা—সব মিলিয়ে দুর্ভোগ চরমে ওঠে। এর সঙ্গে যোগ হয় ঘন ঘন লোডশেডিং, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
তবে বৃষ্টির স্বস্তির মাঝেও নগরীর নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে কয়েকটি সড়কে পানি জমে সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকেরা।
জামালখান এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, কয়েক দিন ধরে তীব্র গরমে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছিল। আজকের বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
এসএস



