মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত নেতার বাসায় হামলা ও নারী লাঞ্ছনার প্রতিবাদ ও উদ্বেগ

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইনের অক্সিজেন উত্তরা আবাসিক এলাকার বাসভবনে গভীর রাতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও পরিবারের নারী সদস্যদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত।

১৮ এপ্রিল, শনিবার এক যৌথ বিবৃতিতে জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার ও সেক্রেটারি আব্দুল জব্বার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সম্প্রতি গভীর রাতে ‘আসামি গ্রেফতারের’ নামে বায়েজিদ থানা পুলিশের উপস্থিতিতে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী মাওলানা জামাল হোসাইনের বাসায় প্রবেশ করে। রাতের অন্ধকারে সংঘটিত এই হামলায় পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। বিশেষ করে পুলিশের সামনেই বহিরাগত সন্ত্রাসীরা পরিবারের নারী সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হয়রানি করেছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। হামলাকারীরা এ সময় বাসার ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ঘটনার পরেও পরিবারটিকে নিয়মিতভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা আইনশৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক ও পেশাদার দায়িত্ব। কিন্তু মাওলানা জামাল হোসাইনের পরিবারের ক্ষেত্রে আইনের তোয়াক্কা না করে মধ্যরাতে যে তান্ডব চালানো হয়েছে, তা জনমনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তারা আরও জানান, মাওলানা জামাল হোসাইনের ছোট পুত্র সাদিক আব্দুল্লাহ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের অগ্রভাগে সক্রিয় ছিলেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা মামলায় গ্রেফতারের আড়ালে পুলিশের উপস্থিতিতে ‘মব’ সৃষ্টি এবং মুখোশধারী সন্ত্রাসীদের দিয়ে আক্রমণের এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি সভ্য সমাজে এ ধরনের অন্যায়, অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের জানমাল, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত