ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল পিআইসিটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভুটানের মান্যবর রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি। ৫ এপ্রিল, রোববার সকালে তিনি টার্মিনালটি ঘুরে দেখেন এবং এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। এ সময় টার্মিনালের সার্বিক কার্যক্রম, সক্ষমতা ও সেবা নিয়ে তাকে ব্রিফিং প্রদান করা হয়।
সরেজমিনে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে রাষ্ট্রদূত পানগাঁও আইসিটির অবকাঠামো ও সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই টার্মিনাল ব্যবহার করে ভুটানের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ ধরনের অবকাঠামো আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ার ও মো. আশরাফ করিম চৌধুরী, পানগাঁও কাস্টমস হাউসের কমিশনার বশির আহমেদ, মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আনিসুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত টার্মিনালের কার্যক্রম আরও উন্নত করতে মতামত প্রদান করেন। বন্দরের কর্মকর্তারা আশা করছেন, তার এ পরামর্শ ভবিষ্যতে সমন্বয় বাড়ানো এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
এসএস



