বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬

ডেস্ক রিপোর্ট

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। তবে নিহতদের কারোরই পরিচয় এখনও জানা যায়নি।

৪ এপ্রিল, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী নাকি পুরুষ—তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান কার্যক্রম চলছে।”

[ad_OwixA1az]

এর আগে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, তথ্য পাওয়ার মাত্র এক মিনিট পরই তারা ইউনিট পাঠান।

পরে আড়াইটার দিকে সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর বিকেল পৌনে পাঁচটার দিকে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত