চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ উদ্যোগের আওতায় নগরের ৯টি থানার ৮১টি পয়েন্টে মোট ২৬৯টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

৮ মার্চ, রোববার বিকেলে নগরের দামপাড়ায় সিএমপি কন্ট্রোল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এ সময় তিনি প্রকল্পের ফলক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, নগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালুর ফলে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্তে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এ ব্যবস্থার মাধ্যমে নগরের বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস



