শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

হরমুজ প্রণালীতে যেসব দেশের জাহাজ চলাচল করবে জানালো আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিত্র নয়, সেসব দেশের জাহাজের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে তারা।

৬ মার্চ, শুক্রবার ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি এ তথ্য জানান।

তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে পশ্চিমা দেশগুলোর জাহাজ চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নিরপেক্ষ বা যুক্তরাষ্ট্র-ইসরাইলের মিত্র নয়—এমন দেশের জাহাজগুলো স্বাভাবিকভাবে এই পথ ব্যবহার করতে পারবে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বে যে পরিমাণ তেল ও তরলীকৃত গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার প্রায় ২০ শতাংশই এই প্রণালী ব্যবহার করে থাকে।

এই কারণে হরমুজ প্রণালীকে অনেক সময় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলেও অভিহিত করা হয়। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো মূলত এই পথ ব্যবহার করেই বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানি করে থাকে। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। একই সঙ্গে কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত