শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব ল ডিবেটিং এন্ড মুটিং ক্লাব এর উদ্যোগে সম্প্রতি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভাষার মর্যাদা, যুক্তিচর্চা ও সমালোচনামূলক চিন্তার বিকাশকে সামনে রেখে নগরীর জামাল খানের ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। একাডেমিক স্তরের ভিত্তিতে প্রতিযোগীদের দুইটি হাউসে বিভক্ত করা হয়। হাউস–১-এ ১ম থেকে ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীরা এবং হাউস–২-এ ৫ম থেকে ৮ম সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিটি পর্বে অংশগ্রহণকারীরা সাবলীল ভাষা, সুসংগঠিত বক্তব্য ও শক্তিশালী যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজেদের মেধা ও মননশীলতার পরিচয় দেয়।
প্রতিযোগিতার পূর্বপ্রস্তুতি হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে বিতর্কের কাঠামো, উপস্থাপন কৌশল, যুক্তি নির্মাণ ও বক্তব্য বিন্যাস বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালাটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রস্তুতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত যুক্তি উপস্থাপনার মধ্য দিয়ে সমাপনী পর্বে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। হাউস–১-এ আনতারা আউবা, শ্রেয়া মহাজন এবং জান্নাতুল ফেরদৌস নাঈমা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। অপরদিকে হাউস–২-এ সারাওয়াত মুনির ছাকিফা, ইয়াসমিন আকতার এবং সৈয়দা রিজফাত-উল করিম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্কুল অব ল’-এর শিক্ষার্থী জেবা মাইমুনা।

আয়োজকরা জানান, এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও আত্মপ্রকাশের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত