শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ফটিকছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসী নাসির উদ্দিন বিল্পব আটক

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার হেঁয়াকো এলাকায় নিজ বাড়ি থেকে নাসির উদ্দিন বিল্পব নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে সেনাবাহিনীর একটি দল আটক করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ফটিকছড়ির কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ রয়েছে, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত করার একটি পরিকল্পনায় জড়িত ছিলেন নাসির উদ্দিন বিল্পব।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ করে সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা যায়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত