বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

​নির্বাচনে বান্দরবান সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন হচ্ছে ২১ প্লাটুন সদস্য

বান্দরবান প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচন চলাকালীন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

​৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বান্দরবান বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিজিবি রাজপথে ও সীমান্তে সক্রিয় ভূমিকা পালন করবে। ইতিমধ্যে সীমান্তে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে।

​নির্বাচন উপলক্ষে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি বান্দরবান সেক্টর মোট ২২টি বেইজ ক্যাম্প থেকে তাদের নির্বাচনী দায়িত্ব পরিচালনা করবে। ​সীমান্তবর্তী দুর্গম এলাকা হওয়ায় থানচি এবং আলীকদম উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

​সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, “বিজিবি অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। কোনো ধরনের অপরাধী চক্র যাতে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।”

​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি বলিপাড়ার জোন কমান্ডার লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত