লুটেরা, ঋণখেলাপি, ডাকাত ও সন্ত্রাসীদের দল বিএনপিকে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালেটের মাধ্যমে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি আহমদ বীর বিক্রম।

রাঙ্গুনিয়া–৭ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের (দাঁড়িপাল্লা প্রতীক) সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে ‘ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া’র উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান ও সাবেক যুগ্মসচিব মো. নুরুল আবছার।

কর্ণেল অলি আহমদ বলেন, বাংলাদেশের মানুষ আর রাজনৈতিক নেতা নামধারী লুটেরাদের ভোট দেবে না। ঋণখেলাপি, ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। তিনি মোদি ও ‘র’-এর দালালদের বিরুদ্ধে রাঙ্গুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, একটি দল নির্বাচনের আগে ভোটারদের সঙ্গে প্রতারণা শুরু করেছে। প্রতারণার অংশ হিসেবে সিনেমার কার্ড বিতরণ করা হচ্ছে। এটি কোনো ফ্যামিলি কার্ড নয়। সরকার গঠন না করেই কার্ড বিতরণ মানেই জনগণকে বোকা বানানোর কৌশল। তবে জনগণ বোকা নয়, তারা সবই বোঝে।
অলি আহমদ বলেন, জামায়াতে ইসলামী মার খায়, মাল খায় না। আর দেশের বড় দল বলে দাবিদার কিছু নেতা মাল খায়, মার খায় না। তিনি বলেন, মাল খাওয়া নেতারা আবারও ক্ষমতায় যাওয়ার অপেক্ষায় আছে, কিন্তু দেশের মানুষ তাদের চিনে রেখেছে। সুতরাং লুটপাটের সুযোগ আর দেওয়া হবে না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যারা দেশের টাকা ও সম্পদ লুট করেছে তাদের কাছ থেকে সেই সম্পদ উদ্ধার করা হবে। এরপরও ডাকাত ও লুটেরা দলের নেতাদের হুঁশ ফিরছে না। ফ্যাসিবাদ ও মোদিবাদের দালালি করে এই স্বাধীন ও সার্বভৌম দেশে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কর্ণেল অলি আহমদ বলেন, রাঙ্গুনিয়ার মানুষ আর কতদিন ভাড়াটিয়াদের হাতে ক্ষমতা তুলে দেবে? ডা. এটিএম রেজাউল করিমের মতো একজন যোগ্য মানুষকে সংসদে পাঠিয়ে ভাড়াটিয়াদের বিতাড়িত করতে হবে। রাঙ্গুনিয়ার মান, সম্মান ও উন্নয়নের স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, চাকসুর সাবেক ভিপি ইব্রাহীম রনি, অধ্যক্ষ আমিরুজ্জামান এবং অধ্যক্ষ আ. ম. ম. শামসুল আলম চৌধুরী।
জামায়াতে ইসলামী নেতা রাশেদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আহমদ কবির এবং এনসিপি নেত্রী সুগুপ্তা বুশরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্লিক/এসএস



