বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় আরিফ (১৭) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৯ জানুয়ারি, সোমবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম–রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গার্লস হাইস্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রহমতঘোনা গ্রামের মুল্লুক শাহার বাড়ির বাসিন্দা ও মুহাম্মদ আব্দুল শুক্কুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে ফতেয়াবাদ গার্লস হাইস্কুলের সামনে একটি দ্রুতগতির অজ্ঞাতনামা ট্রাক আরিফের চালানো মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আরিফ গুরুতর আহত হন। একই মোটরসাইকেলে থাকা অপর আরোহীও আহত হন, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ নিয়ে যান। সেখানে সকাল ১০টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটি শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত ঘাতক ট্রাক শনাক্ত করে দায়ী চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত